
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। তিনি ছাত্রসমাজকে আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ফেনী-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ছাত্রসমাজের নৈতিক চরিত্র গঠন, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে ভূমিকা রেখে আসছে। বর্তমান সামাজিক বাস্তবতায় আদর্শিক ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলেও তারা উল্লেখ করেন। র্যালীতে অংশগ্রহণকারী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শেষে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”