
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত ‘আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ার’-এ গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক প্রকাশ খোকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ফেনী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ইদ্রিস আলী। অভিযোগে উল্লেখ করা হয়, মো. ইদ্রিস আলী প্রায় ২৫ বছর ধরে মালিকানাধীন ১৩৭৮৬ দাগের জমিতে দখলে থেকে ‘আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ার’ পরিচালনা করে আসছেন। সম্প্রতি আবু বকর সিদ্দিক প্রকাশ খোকা দাবি করেন যে উক্ত দাগের জমিতে তারও অংশ রয়েছে। এ দাবির ভিত্তিতে তিনি ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি তদন্তের পর ভূমি কর্মকর্তারা এর কোনো সত্যতা খুঁজে পাননি। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে জমির দখল ও মালিকানার বিষয়টি ইদ্রিস আলীর পক্ষে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে আবু বকর সিদ্দিক খোকা ফেনী আদালতে নতুন করে অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টির কোনো সমাধান না হওয়ায় গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দিয়ে আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, ওই রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র ও অন্যান্য মালামাল নষ্ট হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে আনন্দ মেডিসিন সেন্টার সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ বা ঝামেলার কথা আমরা শুনিনি। হঠাৎ এমন হামলার ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।”
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মো. ইদ্রিস আলী বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষতিগ্রস্ত হলেও আমি আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব। কোনো দুর্বৃত্ত পেশিশক্তি দেখিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে সুবিধা নিতে পারবে না।” এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়ভাবে কারও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের কোনো সুযোগ নেই।” ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”