
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবযোগদানকৃত চিকিৎসক কর্মকর্তাদের বরণ ও দিকনির্দেশনা প্রদানের জন্য ফেনী জেলার সিভিল সার্জন কার্যালয়-এ এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবা একটি মানবিক ও দায়িত্বশীল পেশা। জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার বিকল্প নেই। নবীন চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কর্মস্থলে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সমন্বয় ডা. মো. ইমাম হোসেন, মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান এবং মেডিকেল অফিসার ডা. আমির খসরু। এছাড়া ৪৮তম বিসিএসের নবযোগদানকৃত চিকিৎসকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নবীন চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যব্যবস্থার কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং জনসেবায় পেশাগত আচরণ বিষয়ে অবহিত করেন। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, টিকাদান কার্যক্রম জোরদারকরণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নবযোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এ সময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যা নবীন চিকিৎসকদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সঞ্চার করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফেনী জেলার স্বাস্থ্যখাতে নবীন চিকিৎসকদের এই সংযোজন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”