ফুলগাজীতে সুশীলনের উদ্যোগে বন্যা মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর, স্বেচ্ছাসেবকদের প্রস্তুতিতে গুরুত্বারোপ
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের উদ্যোগে বন্যা দুর্যোগ মোকাবেলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সংগঠনের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসক খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, “প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা আমাদের অঞ্চলের একটি নিয়মিত সমস্যা। তাই আগাম প্রস্তুতি ও সচেতনতা ছাড়া এর ক্ষতি কমানো সম্ভব নয়। এ ধরনের কর্মশালা মানুষের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন সচিব খায়রুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক এনাম এবং ছাত্রদল নেতা আব্দুর রহিম বাবু। বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর সুরাইয়া তাসনিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মশালায় বন্যা দুর্যোগের পূর্বপ্রস্তুতি, তাৎক্ষণিক করণীয়, ক্ষয়ক্ষতি কমানোর কৌশল এবং স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা কর্মশালাকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
সক্রিয় অংশগ্রহণ, মতবিনিময় এবং বাস্তবমুখী আলোচনার মাধ্যমে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণকে দুর্যোগ মোকাবেলায় আরও দক্ষ করে তুলবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”