
মোঃ শাহিনুল খান পলাশ
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় অবস্থিত বিপিন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে, ২০ জানুয়ারি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষের পিছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সঙ্গবদ্ধ চোরের দল। জানা গেছে, চোরেরা অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষ ৪০ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ আমাদের প্রতিনিধিকে জানান, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শেষে শিক্ষক ও কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। সে সময় বিদ্যালয়ে নৈশপ্রহরী ডিউটিতে ছিলেন। তবে রাতের কোনো এক সময় নৈশপ্রহরীর চোখ ফাঁকি দিয়ে চোরেরা পিছনের জানালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। তিনি আরও জানান, বুধবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে তিনি বিদ্যালয়ে এসে নিজের অফিস কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। পরে আলমারির ভেতরে রাখা ২০ হাজার টাকা, দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি সহকারী ভূমি কমিশনারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে বেড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”