পরশুরাম প্রেস ক্লাবে ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত: পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা ও আধুনিক গণমাধ্যম চর্চায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পরশুরাম প্রেস ক্লাব কার্যালয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ, সংবাদের গুণগত মান বৃদ্ধি, আধুনিক গণমাধ্যমের পরিবর্তিত ধারা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো নিয়েও মতবিনিময় হয়।
পাঠচক্রে অতিথি হিসেবে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্যাটেলাইট টিভি চ্যানেল ‘এখন টিভি’ ও বাংলা নিউজ টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম এবং এনটিভির প্রতিনিধি জাহিদুল আলম রাজন। তাঁরা বলেন, বর্তমান সময়ে মফস্বল সাংবাদিকতায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে তথ্য যাচাই, দ্রুত সংবাদ পরিবেশন এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো জনগণের কাছে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা। সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সমস্যা, দুর্ভোগ এবং বাস্তব চিত্র সঠিকভাবে তুলে ধরতে পারলেই সাংবাদিকতা আরও শক্তিশালী ও জনমুখী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান। তিনি বলেন, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে পাঠচক্র, প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা আয়োজন করা হবে। এতে সাংবাদিকদের জ্ঞান, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”