
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
পরশুরাম উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক বিতরণকৃত চালের মান নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার স্বল্পমূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিতরণ করা এসব চাল অত্যন্ত নিম্নমানের, দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অনুপযোগী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।সরেজমিনে দেখা যায়, বিতরণকৃত চালের অধিকাংশ দানা ভাঙা, কালচে রঙের এবং অনেক বস্তায় চালের ভেতরে পোকা ও ধুলাবালি রয়েছে। চাল ধোয়ার পরও তীব্র দুর্গন্ধ থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।উপজেলা টিসিবি কার্যালয় সূত্রে জানা গেছে, পরশুরামে প্রায় তিন হাজার নিবন্ধিত উপকারভোগী রয়েছেন। সরকার নির্ধারিত মূল্যে চাল পাওয়ার আশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মানহীন পণ্য পেয়ে হতাশ গ্রাহকরা।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “এই চাল ঘরে এনে ধুতে গিয়ে দেখি গন্ধে টেকা যায় না। রান্না করলে ভাত কালচে হয়। এমন চাল খেলে অসুস্থ হয়ে পড়বো,” মির্জানগর এলাকার আবদুল কাদের। অন্যরা বলেন, “বাচ্চাদের মুখে দেওয়ার আগে ভয় লাগে। বাধ্য হয়েই চাল নিয়েছি।”
টিসিবির স্থানীয় ডিলাররা জানান, তারা জেলা পর্যায় থেকে যে চাল সরবরাহ পেয়েছেন সেটিই বিতরণ করেছেন এবং মান যাচাই করার সুযোগ বা নির্দেশনা তাদের নেই।এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে নিম্নমানের চাল প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে টিসিবির খাদ্যপণ্য সরবরাহে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।উপজেলা প্রশাসন ও টিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”