
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৫৮) অভিযোগ করেছেন, পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তাঁর সহযোগীরা তারেক রহমানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করেছেন। টাকা না দেওয়ায় দোকানে তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের সহায়তা চেয়েছেন।
ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর দোকানের পাশে নির্মিত তাঁর ব্যবসায়িক স্থানে কাজ করার সময় শাহিন গাজী তাঁর কাছে বলেছিলেন, “তারেক রহমান বাংলাদেশে আসছেন, আমরা ঢাকায় যাব—খরচ দেন।” তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেতা ক্ষিপ্ত হয়ে চলে যান। পরবর্তীতে ঠিকাদার জাহাঙ্গীরের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করা হয়। স্বাস্থ্য সমস্যার কারণে ২০ ডিসেম্বর থেকে ঢাকায় অবস্থান করা তৌহিদুল শেষ পর্যন্ত ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে শাহিন আরও ক্ষিপ্ত হন এবং পরে দোকানে তালা লাগিয়ে দেন।
অভিযোগ অস্বীকার করে শাহিন গাজী বলেন, “তৌহিদুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জড়িত। টাকা চাওয়া বা দোকানে তালা দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “যদি কেউ তারেক রহমানের নাম ব্যবহার করে অন্যায় করে, সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”