
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় পুলিশের বিশেষ অভিযানে ১৬০০ পিস বাউন্ডলি (ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস) উদ্ধার করা হয়েছে। এ সময় নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে একটি মিনি পিকআপও জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কতিপয় ব্যক্তি মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম বহন করে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার ও সঙ্গীয় ফোর্স জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় সরকারি রাস্তার মাথায় অবস্থিত হোটেল আল মদিনা নামীয় ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় থামার সংকেত দিলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার ৬ শত পিস বাউন্ডলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, এসব বাউন্ডলি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে মিনি পিকআপযোগে বহন করা হচ্ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামিরা দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট এবং সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ ঘটনায় রামু থানায় মামলা নং-৪৭/৮৩৩, তারিখ ১৮/১২/২০২৫ খ্রি., সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২) এর (ই)/৭/১০/১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বুনিয়া এলাকার নুরুল আলমের পুত্র মোঃ শাহজাহান (২৫), আশারতলী এলাকার বদিউজ্জামানের পুত্র মোঃ ইলিয়াছ (১৯) এবং ঘিলাতলী এলাকার এম এ সামাদের পুত্র আতিকুর রহমান (২৫)। আতিকুর রহমান নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ সরকারি কলেজ ছাত্রদলের নেতা বলে পুলিশ নিশ্চিত করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”