নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে প্রশাসন; চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইউনিয়নের নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে বীরগাঁও ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যকে পাশ কাটিয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেন তার পছন্দের ব্যক্তিদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন। এতে সংশ্লিষ্ট নারী সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের ভোটারদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং তাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
অভিযোগকারী নারী সদস্যরা বলেন, “চেয়ারম্যান শুরু থেকেই ভিজিএফ কার্ড বিতরণে স্বেচ্ছাচারী আচরণ করছেন। আমাদের কোনো ধরনের তথ্য না দিয়েই তিনি কার্ড বিতরণ করে যাচ্ছেন। বাধ্য হয়ে আমরা ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন, “প্রথমে প্রায় দুই হাজার ভিজিএফ কার্ড পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাতে এসেছে মাত্র ২০৮টি কার্ড। এতে প্রতি ওয়ার্ডের পুরুষ মেম্বারদের চাহিদাও পূরণ করা যায়নি। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক তদ্বিরেও কিছু কার্ড দিতে হয়েছে।”
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার চেয়ারম্যানকে তার কার্যালয়ে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”