
মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় রাব্বি (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার আদালতপাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। আহত রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই দুটি পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। একপর্যায়ে রাব্বি বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। গুলিবিদ্ধ রাব্বি সাংবাদিকদের জানান, তিনি একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে বাদানুবাদের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় রাব্বিকে হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, গুলিবিদ্ধ যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে নবীনগরে একের পর এক সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগে গত ১ নভেম্বর বড়িকান্দিতে পূর্বশত্রুতার জেরে একটি রেস্টুরেন্টে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত হন। ওই ঘটনায় প্রধান অভিযুক্তকে র্যাব গ্রেপ্তার করে। এছাড়া গত ২৪ অক্টোবর সাবেক বিএনপি নেতা মফিজুল রহমান মুকুলকে গুলি করে আহত করার ঘটনাতেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এলাকায় বালুমহলে অবৈধ অস্ত্রের ব্যবহার ও প্রকাশ্য গোলাগুলির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”