
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি-
প্রেস বিজ্ঞপ্তি | আলীকদম (বান্দরবান)
তারিখ: ১৭ অগ্রহায়ণ ১৪৩২ | ০২ ডিসেম্বর ২০২৫ | বিজ্ঞপ্তি নং: ১২/২০২৫
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়া এলাকায় ব্যাটালিয়নটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় একটি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। আজ (২ ডিসেম্বর) বিদ্যালয়টির উদ্বোধন করেন ৫৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। উদ্বোধন উপলক্ষে তিনি বিদ্যালয়ের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ শিক্ষা উপকরণ এবং বিস্কুট ও চকলেট বিতরণ করেন।
স্থানীয় তিনটি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের আনুমানিক ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশু এ বিদ্যালয়ের মাধ্যমে নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। স্থানীয় অভিভাবক, জনপ্রতিনিধি, কারবারী/হেডম্যানসহ সর্বস্তরের মানুষ বিজিবির এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি ৫৭ বিজিবি বহু বছর ধরে ‘‘অপারেশন উত্তরণ’’ এর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, ত্রাণ বিতরণ, কম্বল বিতরণ ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমানোন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, শান্তি ও আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করছে। বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ব্যাটালিয়ন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”