
পটুয়াখালী প্রতিনিধি,শামিম
পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনীর সদস্য ও তার মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যার দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মীরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— পুলিশ এসআই সৈয়দ দেলোয়ার হোসেন (৪০), বর্তমানে পিবিআই নারায়ণগঞ্জে কর্মরত; পুলিশ কনস্টেবল বর্মান, নিউমার্কেট থানা ঢাকা; সৈয়দ মোশারফ হোসেন (৪৫), তার ভাই সাহেব আলী (৬০) এবং দুই ভাতিজা হিরু (৪০) ও হাসান (৩৫)। ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে জানান, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সক্রিয় সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি এতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
একপর্যায়ে তার ছেলে জুয়েল রানা মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে উভয়েই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মিনারা বেগম সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”