
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এতিমখানা বাজারে পুলিশের উদ্যোগে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রবণতা হ্রাস এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত রহস্য উদঘাটনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এতিমখানা বাজার কমিটির সভাপতি ডাঃ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভুইয়া থানার বিট অফিসার এসআই বিপ্লব বডুয়া ও এএসআই শহীদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য প্রদান করেন দৈনিক লেমুয়ার সমাচার ডটকমের প্রতিনিধি সাংবাদিক মোঃ ইমাম হাছান কচি, জিসাস নেতা মোহাম্মদ গোলাম মাওলা, বিএনপি নেতা নজরুল ইসলাম, আরিফ, বাজার কমিটির সেক্রেটারি ও বিএনপি নেতা মফিজুর রহমানসহ বাজার কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, সিসি ক্যামেরা অপরাধ দমনে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। এটি অপরাধ সংঘটনের আগেই অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত করতে সহায়তা করে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ওসি আরও উল্লেখ করেন, পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
বাজার কমিটির সভাপতি ডাঃ ইউসুফ বলেন, এতিমখানা বাজারে প্রতিদিন শত শত মানুষ কেনাকাটা করতে আসে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে ব্যবসায়ী ও ক্রেতারা আরও নিরাপদ বোধ করবেন। বাজার কমিটির সেক্রেটারি মফিজুর রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে চুরি, ছিনতাই ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে। ভবিষ্যতে বাজারের আরও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। জানা গেছে, বাজারের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড়, দোকানপাটের সামনের অংশসহ ঝুঁকিপূর্ণ স্থানে আধুনিক মানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ প্রয়োজনে থানা পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাজারের বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা পরিদর্শন করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতিমখানা বাজারে সিসি ক্যামেরা স্থাপন দীর্ঘদিনের দাবি ছিল। এই উদ্যোগের ফলে বাজারে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”