
ইলিমা আক্তার, স্টাফ রিপোর্টার
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখতে একাধিক কড়াকড়ি নির্দেশনা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপি কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন–১৯৯২ এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থার্টি ফার্স্ট নাইট এবং পরবর্তী ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি ছাড়া রাজশাহী মহানগর এলাকার কোনো রাস্তা, পার্ক, উন্মুক্ত স্থান কিংবা ভবনের ছাদে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক আয়োজন, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর কোথাও আতশবাজি বা পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়ে দেশি ও বিদেশি মদ, স্পিরিট বা অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সকল নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসব এলাকায় সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। এই সময় উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, জনউপদ্রব সৃষ্টি করে এমন গান-বাজনা চালানো, জয়রাইড, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, প্রকাশ্যে মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরএমপি আরও জানিয়েছে, ঘোষিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”