টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মাটির স্তূপ থেকে উদ্ধার হওয়া যুবদল নেতা ইউসুফ খান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
দীর্ঘ সময় পার হলেও মামলার চার্জশিট না দেওয়ায় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে স্থানীয়রা। উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ খান হত্যার ঘটনায় বাড়ছে ক্ষোভ। গত ১৭ মার্চ (২০২৬) উপজেলার ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে রিজন ও হানিফ নামে দুজনকে আটক করা হয়, যাদের তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।
স্থানীয়দের দাবি, মাটির ব্যবসার আধিপত্য এবং গাছ ভাঙাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রায় তিন মাস অতিবাহিত হলেও মামলার চার্জশিট বা পুলিশের আনুষ্ঠানিক কোনো বিবৃতি না পাওয়ায় গতকাল ১৩ জুন (২০২৬) বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। সমাবেশে অংশ নেওয়া এক বৃদ্ধ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে থানা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। নিহত ইউসুফের বোন তাঁর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
আজগানা ইউনিয়নের চেয়ারম্যান কাদের সিকদার জানান, মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যা মামলার সুক্ষ্ম তদন্ত ও প্রকৃত অপরাধী শনাক্তে কিছুটা সময়ের প্রয়োজন হয়। তবে আসামিরা যেহেতু নিজেই মরদেহ শনাক্ত করেছে, তাই অপরাধী চিহ্নিত করা নিয়ে কোনো সন্দেহ নেই। আসামিরা জেলহাজতে আছে, আশা করছি আইনি প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। নিহত ইউসুফের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষ এখন দ্রুত চার্জশিট দাখিল ও মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”