
জামালপুর প্রতিনিধি: নাজমুল রানা
বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে দীর্ঘদিন পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন নেতা-কর্মী পতাকা উত্তোলন করেন। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী।
প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এ প্রকাশ্য উপস্থিতি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। পতাকা উত্তোলন ও মোনাজাত শেষে নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বগারচর ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ছিল এবং নেতা-কর্মীদের প্রকাশ্য কার্যক্রম বন্ধ ছিল।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”