
ফেনীর ছাগলনাইয়া থানার সক্রিয় সহযোগিতায় নিখোঁজের ৩৮ দিন পর অবশেষে পরিবারের কোলে ফিরেছে মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম নাঈম (১৪)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
নাঈম ছাগলনাইয়া উপজেলার মটুয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং রাধানগর ইউনিয়নের লক্ষীপুর বড় বাড়ির বাসিন্দা মোঃ মিজান–এর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় নাঈম। খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় নাঈমের পিতা মোঃ মিজান ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (নং-৩২, তারিখ: ১-১০-২০২৫)।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই রাফিদুল ইসলাম চৌধুরী) বলেন,
“নিখোঁজের পর থেকেই আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। পরবর্তীতে নাঈমের ছবি ও যোগাযোগ নম্বরসহ লিফলেট ছাপিয়ে এলাকায় ও সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়।”
তিনি জানান, ১ নভেম্বর নাঈমের পরিবারের মোবাইল নম্বরে একটি অজ্ঞাত কল আসে। সেই সূত্র ধরে পুলিশ অবস্থান শনাক্ত করে সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকা থেকে নাঈমকে উদ্ধার করে।
নাঈমের পিতা মোঃ মিজান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“ছেলেকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় অবশেষে ৩৮ দিন পর ছেলেকে ফিরে পেয়েছি। এজন্য ছাগলনাইয়া থানা পুলিশ ও গণমাধ্যমের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।”
পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর নাঈম প্রথমে ফেনী শহরে অবস্থান করেছিল। পরে সোনাগাজী উপজেলার এক ট্রাক চালক মানবিক কারণে তাকে আশ্রয় দেন।
উদ্ধারের পর নাঈম বর্তমানে পরিবারের সঙ্গে নিরাপদে রয়েছে। তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে পরিবার ও থানা পুলিশ।
🕊️ Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”