
মোঃ শামিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের মেধাবী শিক্ষার্থী উপমা দত্ত (২৩)-এর শেষকৃত্য ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেল কক্ষ থেকে উপমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। ঘটনার সময় তিনি কক্ষে একাই অবস্থান করছিলেন বলে জানা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টায় সরকারি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা সন্দীপ কুমার দত্ত, যিনি সর্বসাংদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ও পরিবারের অন্যান্য সদস্যরা শোকে দিশেহারা হয়ে পড়েন। গ্রামজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এই চরম সিদ্ধান্তের পেছনে প্রেমঘটিত কোনো জটিলতা নাকি অন্য কোনো মানসিক চাপ কাজ করছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশী ও স্বজনরা জানান, উপমা অত্যন্ত মেধাবী, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। পড়াশোনার পাশাপাশি সামাজিক আচরণেও তিনি সবার কাছে প্রশংসিত ছিলেন। এমন হাসিখুশি একটি মেয়ের এমন মৃত্যুতে এলাকাবাসীও বিস্মিত ও মর্মাহত। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”