
আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা স্মারকপত্রে জানানো হয়, পূর্বের আদেশ বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে বহাল করা হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে—এমন অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে চেয়ারম্যানদের দায়িত্ব বাতিল করে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে চেয়ারম্যানরা ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্ট বিভাগ-এ রিট পিটিশন দায়ের করেন। রিটের শুনানি শেষে ২০২৪ সালের ৪ নভেম্বর প্রদত্ত আদেশ এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাখা থেকে নতুন স্মারকপত্র জারি করা হয়। স্মারকপত্রে ১৩টি ইউনিয়নের প্রশাসক নিয়োগ বাতিল করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের পুনর্বহাল করা হয় এবং তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান বলেন, ‘আমরা হাইকোর্টে রিট করেছিলাম। আদালতের আদেশের ভিত্তিতে পরিপত্র জারি হয়েছে। আমরা আবার আমাদের স্বপদে বহাল হলাম। আইনের প্রতি সম্মান জানিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করব।’ ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ‘হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালকৃত চেয়ারম্যানরা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করছেন।’
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”