
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,আলীকদম (বান্দরবান)
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে অসচ্ছলদের মাঝে অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আলীকদম সেনা জোনের উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।
আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২,৮৪,৫৪৪.০০ (দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ) টাকা অনুদান প্রদান করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও জোরদার করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।
এ বিষয়ে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই নয়, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বসবাস করার আহ্বান জানান।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”