
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সফল মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বেআইনিভাবে মাটি কাটার দায়ে মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার (৭,৫০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে একটি সি টাইপ বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি স্ক্যাভেটর ও ৫টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে আলীকদম থানার টহল পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। বেআইনিভাবে মাটি কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় মাটি কাটার তত্ত্বাবধায়ক মোঃ আবু হানিফ (৪৩)-কে আটক করা হয়। তাকে দুই লক্ষ (২,০০,০০০) টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার (২,৫০,০০০) টাকা এবং প্রতিটি স্ক্যাভেটরের মালিককে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ (৩,০০,০০০) টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে। অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহন ও যন্ত্রপাতি অবমুক্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গোপন সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলের মালিক ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রুপমুহুরী রিসোর্টের মালিক মোঃ মনছুর আলম। মাটি কাটার কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন আলীকদম ইউনিয়ন যুবদলের নেতা মোঃ ইলিয়াছ শিকদার। অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি মাটি কাটা, বাজার এলাকায় বিশৃঙ্খলা এবং জননিরাপত্তা হুমকির মুখে ছিল। সেনাবাহিনী ও প্রশাসনের এই সময়োপযোগী ও দৃঢ় উদ্যোগ পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”