আলীকদমে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ: দুর্গম পাহাড়ে পৌঁছে দেওয়া হচ্ছে হাম-রুবেলা টিকা ও জরুরি চিকিৎসাসেবা।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী আবারও মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়ন এলাকায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অনটনের কারণে এই দুর্গম অঞ্চলের বাসিন্দারা সাধারণত উপজেলা সদর বা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে অনীহা প্রকাশ করেন। স্থানীয় জনগোষ্ঠীর এই প্রতিকূলতা বিবেচনায় নিয়ে আলীকদম সেনা জোনের সরাসরি তত্ত্বাবধানে তিনটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
প্রতিটি টিমে সেনাবাহিনীর অভিজ্ঞ সদস্যদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, যারা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রতিটি পাড়ায় সরাসরি গিয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করছেন।
এই কর্মসূচির আওতায় আলীকদম সেনা জোন কেবল টিকাদানেই সীমাবদ্ধ থাকেনি; বরং মাঠ পর্যায়ে গুরুতর অসুস্থ রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় পরিবহন করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি দুর্গম পথে যাতায়াত সমন্বয়, নিরাপত্তা প্রদান এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে সেনাবাহিনী এই মহতী উদ্যোগের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
এ প্রসঙ্গে আলীকদম জোন কমান্ডার বলেন,
“দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অঙ্গীকার।
ভৌগোলিক ও আর্থিক কারণে দুর্গম অঞ্চলের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমরা বিশেষ টিমের মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আর্তমানবতার সেবায় আলীকদম সেনা জোন সর্বদা জনগণের পাশে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনমুখী কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনাবাহিনীর আন্তরিক সহায়তায় পরিচালিত এই টিকাদান ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম নিঃসন্দেহে জনসেবায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”