
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ (বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য বান্দরবানের আলীকদম এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) দুপুর ১টার দিকে আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে আনুমানিক তিন কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে মোঃ ফোরকান (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিকাল ৪টা ৪৫ মিনিটে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আলীকদম থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নিশাত বরুয়ার কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তির পরিচয় অনুযায়ী, তিনি মোঃ ফোরকান (৫২), পিতা ছুলতান আহমেদ। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায়। সেনা সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”