
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম জেলা-প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান সংসদীয় ৩০০ নং আসনের অন্তর্গত আলীকদম উপজেলায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পাহাড় ও সমতল মিলিয়ে উপজেলার ২০টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো উপজেলায় ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর আলম সাংবাদিকদের জানান, “সবগুলো কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করে এবং ভোটারদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা। এ বিষয়ে আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন,
“এবারের নির্বাচন আলীকদমের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে। প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার কারণে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরেছেন। এতে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হয়েছে।”
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলার সদস্য সচিব ও সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সন্তোষ কান্তি দাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য উল্লেখ করে প্রশাসনের প্রশংসা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর প্রতীকের ভিত্তিতে আলীকদম উপজেলার ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের সুষ্ঠু নির্বাচন ভবিষ্যতেও গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”