
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মোরুং কল্যাণ ছাত্রাবাসে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আলীকদম সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার। বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, আলীকদম জোন কমান্ডার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্থানীয় জনপ্রতিনিধি, ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং দুই থেকে তিন শতাধিক অতিথি।
প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষা করে না, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের যুবসমাজ আধুনিক ও কর্মমুখী দক্ষতা অর্জন করবে এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় টিকে থাকার জন্য সময়োপযোগী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিনামূল্যে এই ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষত রিজিয়ন কমান্ডার ও আলীকদম সেনা জোনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন কার্যক্রম চালুর আহ্বান জানান। উল্লেখ্য, পার্বত্য আলীকদমে ম্রো সম্প্রদায়ের উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা সুবিধা প্রদান করা হয়, যা তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানে সহায়ক। পাশাপাশি দুর্গম পাহাড়ি পাড়াসমূহে সুপেয় পানির সংকট নিরসন, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”