
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইয়াবা সেবনকারীকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাগানপাড়া সড়কের পশ্চিম পাশে নুরুল সোফার দোকানের সামনে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি এক ইয়াবা সেবনকারীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম এবং আলীকদম থানা পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা সেবনের কথা স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তার হেফাজত থেকে কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিচয়— মোঃ শাহীন আলম (২০), পিতা: মোহাম্মদ মিয়া, সাং: বাগানপাড়া, ৪নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান। বর্তমানে তিনি আলীকদম থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) তাকে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”