আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বান্দরবান রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
আজ,২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে
পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমের মুরুং কমপ্লেক্সে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসিডি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় আলীকদমের বিভিন্ন সম্প্রদায়ের জীবনমানের সার্বিক পরিস্থিতি, মুরুং কমপ্লেক্সের বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বর্তমানে মুরুং কমপ্লেক্সের ছাত্রাবাসে ১২৪ জন শিক্ষার্থী অবস্থান করছে। ভবিষ্যতে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে আবাসনের সুযোগ প্রদানের লক্ষ্যে ছাত্রাবাসের ধারণক্ষমতা ২০০ থেকে ২৫০ জনে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করা হয়। এ বিষয়ে রিজিয়ন কমান্ডার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এছাড়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত দুইজন শিক্ষকের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হলে রিজিয়ন কমান্ডার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় কুরুকপাতা ইউনিয়নে নতুন একটি মুরুং কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপিত হয়। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “শিক্ষাই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। মুরুং জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
সভায় বক্তারা মুরুং জনগোষ্ঠীর শিক্ষা, সামাজিক অগ্রগতি এবং জীবনমান উন্নয়নে মুরুং কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি এর অবকাঠামোগত ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় শিক্ষা বিস্তার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে আলীকদম জোন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মুরুং কমপ্লেক্সও সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”