
মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবানের আলীকদমে তৃতীয়বারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় পাহাড়ি আল্ট্রা দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রাঃ এডিশন ৩’। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও নতুন ও অপ্রচলিত পাহাড়ি রুটে অনুষ্ঠিত হলো এই অ্যাডভেঞ্চারাস ইভেন্ট। এবার দৌড়বিদরা ছুটেছেন বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম–পোয়ামুহুরী সড়কের কুরুকপাতা পর্যন্ত মনোমুগ্ধকর পাহাড়ি পথে। ২০২৩ সালে আয়োজন হয়েছিল আলীকদম–ডিম পাহাড়–থানচি রুটে; আর গত বছর দৌড়বিদরা চ্যালেঞ্জ নিয়েছিলেন বান্দরবান–চিম্বুক সড়কের রোমাঞ্চকর বাঁকপথে। দেশের এন্ডুরেন্স রানারদের কাছে এই ইভেন্টের মূল আকর্ষণ—নতুন পাহাড়ি রুটে দৌড়, প্রকৃতির মাঝে লুকানো চ্যালেঞ্জ, আর শারীরিক সক্ষমতার সীমা ছুঁয়ে দেখার সুযোগ।
“For Wildlife, For Earth (বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য)” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ৫ ডিসেম্বর ভোরে শুরু হয় এবারের আয়োজন। বন্যপ্রাণী সংরক্ষণ ও পাহাড়ি জীববৈচিত্র্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ইভেন্টের প্রতীকচিহ্নে ব্যবহার করা হয়েছে বিরলপ্রায় পাখি ‘রাজধনেশ’-এর অবয়ব—যে পাখি একসময় পাহাড়ি বনে প্রায়ই দেখা যেত, অথচ এখন সংখ্যায় খুবই কমে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধন করেছিলেন প্রায় ৪৫০ জন দৌড়বিদ; তবে শেষ পর্যন্ত ৩০০–৩৫০ জন অংশ নেন ৫২ ও ২৫ কিলোমিটারের দুই ক্যাটাগরিতে। প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের ম্যারাথন দূরত্ব অতিক্রম করায় এসব দৌড় আল্ট্রা ম্যারাথন হিসেবে পরিচিত। অংশগ্রহণকারীদের তালিকায় ছিলেন কিশোর, তরুণ থেকে শুরু করে সত্তরোর্ধ অভিজ্ঞ দৌড়বিদও। এই প্রতিযোগিতা একটি দাতব্য উদ্যোগ হিসেবে পরিচালিত হয়। আয়ের উদ্বৃত্ত অংশ ব্যয় করা হয় আলীকদম ও লামা এলাকার কয়েকটি বিদ্যালয়ের আদিবাসী শিশুদের শিক্ষায়। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আলীকদম সেনানিবাস, উপজেলা প্রশাসন এবং আলীকদম থানা। স্থানীয়রা জানান, এই আয়োজন আলীকদমে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পাহাড়ি পথে দৌড় দেখতে মানুষের স্বতঃস্ফূর্ততা ভিন্ন মাত্রা যোগ করেছে। তারা আশা প্রকাশ করে বলেন, আগামীতেও যেন একই উৎসাহে এই ম্যারাথন আয়োজন অব্যাহত থাকে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”