
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ’র সার্বিক নির্দেশনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন এসআই ইয়ামিন আহমেদ মিশু, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রাজীব দে, এএসআই তাইফুল ইসলাম ও এএসআই প্রনব দাশসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. মনচুর আলম (৪০), নুরুল ইসলাম (৩২) এবং নুরুল আবছার (৪৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে পলাতক আসামীদের গ্রেফতার ও বিচারিক কার্যক্রম সচল রাখতে বিশেষ তৎপরতা জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য অবস্থান শনাক্ত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। কৌশলগত অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সফলভাবে তাদের আটক করতে সক্ষম হন।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে। থানার এক কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামীদের গ্রেফতারে কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় সচেতন মহল পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”