
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২০২৪–২০২৫ অর্থবছরের গরীব, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর চিকিৎসা ও শিক্ষা সহায়তা বাবদ এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। (১০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলমের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষার্থী এবং অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে আলীকদম উপজেলার ১৫টি মসজিদে গড়ে ৯০ ফুট করে ফ্লোর কার্পেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিমন, সদস্য, বান্দরবান জেলা পরিষদ এবং আসাদুজ্জামান আসাদ, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা সমাজসেবা দপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, আলীকদম উপজেলার ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”