“অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মানববন্ধন
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নারীর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে নারগিছ আক্তারের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকালে নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়াস্থ আয়েশা-আমজাদ পল্লীর সড়ক পরিণত হয় প্রতিবাদের মঞ্চে। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ কর্মকাণ্ড চলে আসছে, যা স্থানীয় পরিবেশকে দিন দিন অস্থির করে তুলছে। তাদের দাবি—এতে তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
রেখা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা আর এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।”
মাহমুদা বেগম বলেন,
“আমাদের পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করা কঠিন হয়ে গেছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”
খাদিজা বেগমের অভিযোগ,
“আগেও বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরও একই ধরনের কার্যকলাপের অভিযোগ নিয়ে এখানে এসে অবস্থান করছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
মানববন্ধনে আখলিমা, পারভীন, শিলা আক্তার, জোবেদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর একটাই দাবি—অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”