
নাজমুল রানা,বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঘাসির পাড়া গ্রামে শিশু সামিয়ার জীবন আজ গভীর অনিশ্চয়তা ও মানবিক সংকটে নিমজ্জিত। জন্মের মাত্র চার মাস বয়সেই মায়ের সান্নিধ্য হারিয়ে অসহায় হয়ে পড়ে শিশুটি। পারিবারিক জটিলতার কারণে সামিয়ার মা তাকে রেখে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এরপর থেকেই শিশুটির লালন-পালনের দায়িত্ব পড়ে তার অসুস্থ দাদির ওপর। সামিয়ার বাবা সাব্বির পেশায় একজন রিকশাচালক। অল্প আয়ে নিজের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। ফলে শিশুটির ভরণ-পোষণ ও চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
শিশুটির দাদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত কোনো কাজ করতে পারেন না। বর্তমানে তারা মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। অভাবের তাড়নায় দাদি বাড়ি বাড়ি ঘুরে সামান্য চাল সংগ্রহ করেন। সেই চাল গুঁড়া করে প্রতিদিন নাতনিকে খাওয়ানোর চেষ্টা করছেন তিনি। নাতনির মুখে একমুঠো খাবার তুলে দিতে দাদির এই সংগ্রাম এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে। স্থানীয়রা জানান, শিশু সামিয়া প্রায়ই অপুষ্টি ও নানা অসুস্থতায় ভুগছে। নিয়মিত পুষ্টিকর খাবার ও চিকিৎসা না পেলে তার ভবিষ্যৎ আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এ অবস্থায় জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। অসহায় এই শিশুটি ও তার পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”